খুলনা

জুলাইয়ে ১১০ হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণার টাকা ফেরত দিল ৩ এপিবিএন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, অনলাইন ও বিকাশ প্রতারণার অর্থ ফেরত এবং সাইবার অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট।

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় পরিচালিত এ ইউনিটের কার্যক্রমের আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণা-সংক্রান্ত অভিযোগের তদন্ত করা হয়।

অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলতি বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১১০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় ইউনিটটি।

২৯ জুলাই বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ ছাড়া সাইবার স্পেসে প্রতারণার একটি মামলায় একজন সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ছয়টি মোবাইল সিম কার্ড এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ অর্থ উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে অধিনায়ক এম. এম. সালাহউদ্দীন বলেন, জনসাধারণের ইতিবাচক সহযোগিতা ও তথ্য সহায়তা পেলে আরও বেশি সংখ্যক ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান এবং সাইবার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এই বিভাগের আরও সংবাদ