কেএমপি’র লবণচরা থানার নিজস্ব ভবন উদ্বোধন করলেন অতিরিক্ত আইজিপি


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা নিজস্ব নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল ১০টায় নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন জনাব একেএম আওলাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিকে ফুল দিয়ে স্বাগত জানান কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। পরে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফিতা কেটে নতুন থানা ভবনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের অংশ হিসেবে অতিরিক্ত আইজিপি থানা প্রাঙ্গণে একটি রুদ্রপলাশের চারা রোপণ করেন। পরে তিনি থানার বিভিন্ন শাখা, অফিসার ইনচার্জের কার্যালয়, অন্যান্য অফিস কক্ষ এবং ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
কেএমপি সূত্রে জানা যায়, এতদিন লবণচরা থানা একটি ভাড়া ভবনে পরিচালিত হলেও এখন থেকে নিজস্ব স্থাপনায় কার্যক্রম পরিচালিত হবে। আধুনিক ও উন্নত কর্মপরিবেশের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছে কেএমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



