রাজশাহী

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম দু্‌র্গাপুর(রাজশাহী): রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার দ্রুত সমাধান এবং পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হোজা নদী পুনরুদ্ধার ও সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক যুবায়েদ হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভার শেষে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ