খুলনায় দিনে-দুপুরে গুলি ও কুপিয়ে যুবককে হত্যাচেষ্টা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর লবনচরা থানার মাথাভাঙ্গা এলাকায় প্রকাশ্যে এক যুবককে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে খুলনা রিভারভিউ পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবক আরিফ শিকদার (২৪), একই এলাকার আবুল কালাম শিকদারের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বুকের ডান পাশে একটি গুলি লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আরিফ রিভারভিউ পার্কের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শফিকুল ইসলাম তরঙ্গ নিউজকে জানান, ঘটনার পরপরই লবনচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার বা অন্য কোনো বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



