মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে : খুলনা রেঞ্জ ডিআইজি


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধ দমনে খুলনা রেঞ্জ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
২৬ জুলাই রবিবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, গত ৭ জুলাই ২০২৬ খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি মাদক নির্মূল, মাদকের অপব্যবহার প্রতিরোধ, চোরাচালান রোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুন্দরবন এলাকায় দস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এছাড়া কেএমপিতে অপরাধ সংঘটিত করে অপরাধীরা যাতে পার্শ্ববর্তী খুলনা জেলার থানাগুলোতে আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যে একই সময়ে সমন্বিত অভিযান বা ‘এস ড্রাইভ’ পরিচালনার পরিকল্পনার কথাও জানান।
ডিআইজি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে চার ধরনের পুলিশিং—ইনটেলিজেন্স নির্ভর পুলিশিং, প্রযুক্তিনির্ভর পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ট্র্যাডিশনাল পুলিশিংয়ের সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা হবে।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং খুলনা রেঞ্জকে মাদক ও সব ধরনের অপরাধমুক্ত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





