কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে লবণচরা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের জব্বার সড়কের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন। এ সময় এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. আজিম উদ্দীন সরদার এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মাফুজুর রহমান ওরফে মিল্টন (৩৬) এবং খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মো. ফারুখ শেখ (৩৫)। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, মাফুজুর রহমান ওরফে মিল্টনের বিরুদ্ধে পূর্বে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালে যশোরের বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং ২০১৩ সালে কেএমপির খালিশপুর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের হয়েছিল।



