চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত গভীর রাত সাড়ে ১১টায় পৌর এলাকার হরিপুর বাজারে অবস্থিত পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা হতে আগত একতা পরিবহনের একটি এসি বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান। অভিযানে বাবা, মেয়ে ও জামাইসহ পাঁচ জনকে আটক করে ডিএনসি।
গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার আরগারাহাট এলাকার কাশিয়াবাড়ি গ্রামের মৃত দুখুর উদ্দিন ও মৃত মরিয়মের ছেলে মতিউর রহমান (৪০), তার মেয়ে একই এলাকার দায়পুকুরিয়া গ্রামের সুইটের স্ত্রী মমেনা খাতুন (২৪), মুন্তাটোলা এলাকার তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের জেম ও পিয়ারা বেগমের ছেলে রাজমিস্ত্রী সুইট (২৪), সাহাপাড়া এলাকার তারাপুর পোড়াপাড়া গ্রামের মৃত নূর ইসলাম ও আক্তারা খাতুনের ছেলে জিহাদ আলী (২০) এবং একই উপজেলার নতুন বারোরশিয়া এলাকার জেন্টু আলী ও রহিমা খাতুনের ছেলে অসীম আলী (২০)।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম সদর উপজেলার হরিপুর এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফিলিং স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের শিতাতপ নিয়ন্ত্রিত একটি বাস তল্লাশি করে ৩ টি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৮ টি পোটলায় ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।



