কুয়াকাটায় হানিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: ট্রাকচালক হানিফ ফকির হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন সড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ, মহিপুর থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থাসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাকচালক হানিফ ফকিরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।
এ সময় নিহত হানিফ ফকিরের স্ত্রী মোসা. সীমা বেগম, ছেলে মো. ইসমাইল (১৩) ও মেয়ে মোসা. হামিদা আক্তার (৯) আবেগঘন বক্তব্য দেন। তারা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পরিবারের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক, শ্রমিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আদালতের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।



