জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন মহিউদ্দিন সুলতান


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও খানাখন্দে ভরা থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল আলিপুর থ্রি পয়েন্ট থেকে বাজারে প্রবেশমুখের গুরুত্বপূর্ণ সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হতো চরম ভোগান্তির। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে।
এমন পরিস্থিতিতে জনসাধারণের দুর্ভোগ নিরসনে নিজ উদ্যোগে মাঠে নেমে সড়ক সংস্কার কাজ শুরু করেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান মুসুল্লি। তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কের বিভিন্ন স্থানের খানাখন্দ ভরাট এবং জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংস্কার কাজে সার্বিক সহযোগিতা করেন তার ছেলে জুয়েল মুসুল্লি। তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন। ফলে বর্তমানে সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে মহিউদ্দিন সুলতান মুসুল্লি বলেন, “আমি বিশ্বাস করি মানুষের সেবা করাই সবচেয়ে বড় রাজনীতি। দীর্ঘদিন ধরে এই সড়কের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছিলেন। বিশেষ করে বৃষ্টি হলেই পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হতো এবং প্রায়ই দুর্ঘটনা ঘটত। জনগণের দুর্ভোগ দেখে আমি নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের স্বার্থে ভবিষ্যতেও যেকোনো উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে আমি পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সচেতন নাগরিক হিসেবে এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসা উচিত।”
রাস্তা সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও সাধারণ মানুষ। তারা জানান, বাজারের প্রবেশমুখের এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমানে রাস্তা সংস্কার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা কমেছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে লাঘব হয়েছে।
স্থানীয়রা মহিউদ্দিন সুলতান মুসুল্লির এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের এমন দায়িত্বশীল ভূমিকা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।



