খুলনা

খুলনায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে খুলনা প্রেসক্লাব আয়োজিত চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে পার পাবে না।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা যাতে নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মতপ্রকাশ ও সংবাদ প্রকাশের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ