জাতীয়

জামালপুরে বন্যাদুর্গত এলাকার ৫৫২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

দুর্যোগকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বন্যাদুর্গত এলাকার ৫৫২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ (১৫ জুলাই) সকালে বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাতানীপাড়া বিওপি-এর দায়িত্বপূর্ণ বকশীগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি, এমডি, এএমসি; জামালপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মোঃ ফজলে রাব্বী এবং ঢাকার পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ডা. এস. এম. আলকাস তাহমিদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (রেসিডেন্ট) ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পেইনে বন্যাকবলিত ৫৫২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এসময় জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান; উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল এবং সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগের আরও সংবাদ