পটুয়াখালী

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, আহত ৩ জেলে

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন।

সোমবার সকাল প্রায় ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝি রুবেল হাওলাদার (৩৫) উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি ট্রলারটির মালিক ও মাঝি।

স্থানীয় সূত্র জানায়, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলারটি নিয়ে চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে রুবেল হাওলাদার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

এ সময় ট্রলারে থাকা বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের শাহাদাত মৃধা, একই গ্রামের রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার নাসির ভূইয়া বজ্রপাতে আহত হন। বজ্রপাতের পর তারা কিছু সময় ট্রলারে অচেতন অবস্থায় ছিলেন।

পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিন জেলেকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় জেলেরা নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।

সোমবার বিকেল ৬টা পর্যন্ত নিখোঁজ রুবেল হাওলাদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন মাঝি নিখোঁজ হয়েছেন এবং তিনজন জেলে আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ