বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কোটি ১৭ লক্ষ টাকা মূল্যের ৩,৯৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং মালামাল বহনে ব্যবহৃত ০২টি বাইসাইকেল জব্দ করেছে।
আজ (১১ জুলাই) রাত আনুমানিক ১২:১৫ টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আলীনগর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে অবস্থান নিয়ে টহলদল নজরদারি চালায়। একপর্যায়ে ৭-৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে অভিনব কৌশলে লুকানো ৩,৯৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লে এবং জব্দকৃত ০২টি বাইসাইকেলসহ মোট মালামালের আনুমানিক সিজারমূল্য ৩,১৭,০০,০০০/- (তিন কোটি সতেরো লক্ষ) টাকা।
জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লে ও অন্যান্য মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের এই নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তভিত্তিক অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।



