দিনাজপুর

ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক নাজমুল ইসলাম (৩২)।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাঁদের ছেলে আব্দুল্লাহ (৩)। আহত নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নাজমুল ইসলাম স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়ায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পেছন থেকে ঠাকুরগাঁওগামী মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এরপর পিকআপটি ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

হাইওয়ে ডিউটিতে থাকা এসআই দেবাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর হওয়ায় সড়কে লোকজন কম থাকায় ঘাতক পিকআপটি পালিয়ে যায়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বক্কর সিদ্দীক জানান, হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মূল চন্দ্র মোহন্ত জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘাতক পিকআপটি শনাক্তে কাজ করছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ