জকিগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার


সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অদ্য (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে এবং সেগুলো সীমান্তবর্তী এলাকায় মজুদ রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং র্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার নামক স্থানে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যৌথ আভিযানিক দল সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে আসামীবিহীন অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম এবং সর্বক্ষণিক সতর্ক অবস্থানের ফলেই এ ধরনের অবৈধ চালান উদ্ধার ও প্রতিহত করা সম্ভব হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



