মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান আইসক্রিম কারখানাকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না করায় একটি আইসক্রিম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দিঘিরপাড় বাজারের ছোয়া আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন করে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছে না। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সেলিম মাদবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে উৎপাদিত সব আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ