রাঙ্গাবালীর চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে তুহিন হাওলাদার (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত তুহিন হাওলাদার ওই এলাকার বাসিন্দা মনির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তুহিনের বাবা একটি মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে তার মা বাপের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে কিশোরটি বাড়িতে একাই বসবাস করত বলে জানা গেছে।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



