সীমান্তে ভারতের পুশইন প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী


দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, কোনো দেশের নাগরিকত্ব, পরিচয় বা প্রত্যাবাসন-সংক্রান্ত বিষয় যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। একতরফাভাবে সীমান্তে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা শুধু সীমান্ত নিরাপত্তার জন্যই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক।
বিবৃতিতে জমিয়তের এই দুই শীর্ষ নেতা বলেন,সীমান্ত রক্ষায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়। নেতৃদ্বয় বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি যে দৃঢ়তা, ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তা জাতির জন্য গর্বের বিষয়। তারা বিজিবির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সর্বদা সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি, অনুপ্রবেশের চেষ্টা বা সীমান্তসংক্রান্ত অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করলে দ্রুত বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি সমগ্র জাতির সম্মিলিত দায়িত্ব।
তারা বলেন,দেশের জনগণ ও বিজিবির পারস্পরিক সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ করবে এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সকল রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা।
তারা সরকারকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনার স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।



