সুন্দরগঞ্জে বাসের ভেতর থেকে রুবেল মিয়া মরদেহ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা অসীম পরিবহনের একটি বাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভ বাসে করে এ এলাকায় আসা বাসের স্টাফ ছিলেন রুবেল। রোববার দিবাগত গভীর রাতে তিনি তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গেলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার বাসের সহকর্মীরা তাকে চিনতে পেরে মরদেহ নিয়ে এসে ইমামগঞ্জ ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে রাখা অসীস পরিবহনের একটি বাসের ভেতরে কাপড় দিয়ে ঢেকে রাখেন।
সোমবার সকালে বাসের ভেতরে মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় কার্যক্রম শেষে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



