কুয়াকাটায় বাড়ছে পর্যটকদের ভিড়


দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। নীল জলরাশি, দখিনা হাওয়া এবং বালুকাময় সৈকত- সবকিছু মিলিয়ে সাগরকন্যা ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম একটি ভ্রমণ স্পট। প্রতিবছর ঈদুল আজহার দিন বিকাল থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ঢল নামলেও এবছরের চিত্র ছিল অনেকটা ভিন্ন। আগমন ঘটেনি আশানুরুপ পর্যটক।
তবে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। ঈদুল আজহার ছুটিতে আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছে। কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে। শুধু জিরো পয়েন্টই নয়, তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বন ও গঙ্গামতিসহ পর্যটন স্পটগুলোতে বাড়তে শুরু করেছে পর্যটক। আগত এসব পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও প্রত্যাশিত পর্যটক সমাগম হয়নি। তারা আশা করছেন, আজ শুক্রবার বিকেলের পর থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়বে পারে।
পর্যটক আবুবক্কর জানান, তারা পরিবার নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে কুয়াকাটায় এসেছেন। এর আগেও কুয়াকাটা এসেছিলাম তখন ব্যাপক পর্যটক সমাগম হয়েছিল। এবছর পর্যটকের সংখ্যা অনেকটাই কম বলে জানান। শায়লা আক্তার জানান, সমুদ্রের পানিতে নেমে সাঁতার কেটেছি। এ এক অন্যরকম অনুভূতি। যেটা ভাষার প্রকাশ করা যাবে না।
অপর এক পর্যটক নাহিদ হাসান জানান, তারা বন্ধুরা মিলে কুয়াকাটায় কুয়াকাটায় এসে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখেন। তবে সমুদ্রের অনেক বড় বড় ঢেউ তীরে ও প্রাকৃতিক দৃশ্য তাদের মন কেড়েছে।
কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলার জিএম আলামিন খান জানান, এখন পর্যন্ত যে বুকিং হচ্ছে, আগামী দুই দিনে আরও বেড়ে যাবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষণিক একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া, বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন।



