রাজশাহী

বাগমারায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার মাহী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মোহনা আক্তার মাহী উপজেলার বিনোদপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার দাদির সঙ্গে বাড়ির পাশের এলাকায় যায়। এ সময় দাদি পুকুরপাড়ে কাজ করছিলেন। কাজের ফাঁকে সবার অগোচরে শিশু মোহনা আক্তার মাহী পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর দাদি শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার করে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমের বাড়ির উত্তর পাশে প্রায় ৫০০ গজ দূরে অমল সরকারের লিজ নেওয়া একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ