সিলেট

সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন

সিনিয়র রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে সিলেট জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহায় কুরবানির পশুর চামড়া সফলভাবে সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।

জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও সিলেট জেলা প্রশাসন,সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের ঊধ্বর্তন কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,আলেম সমাজের প্রতিনিধিগণ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, চলতি ঈদে সিলেট জেলায় প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারিভাবে ৩৪৫ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চামড়া বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সময়মতো সংরক্ষণ ও বিক্রি করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং ব্যবসায়ীরাও ন্যায্যমূল্য পাবেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসীকে দুর্ভোগে পড়তে না হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাখা যায়।

এদিকে ঈদকে কেন্দ্র করে সিলেটে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে বলেও জানান জেলা প্রশাসক। পর্যটন এলাকায় যানজট নিয়ন্ত্রণ, অবৈধ পশুর হাট উচ্ছেদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগে সিলেটবাসী ও আগত পর্যটকরা শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ