সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি আটক


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর পৃথক এক সফল অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৮ মে) ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রেহেনা রাজশাহী জেলার বাসিন্দা এবং মো. মোস্তফার স্ত্রী।
মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটিকুমরুল গোলচত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজেই বহন করতেন রেহেনা। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হতো।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।



