দিনাজপুর

ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা তা নিয়ে জনমনে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আলম মিয়া (৬০)ঘোড়াঘাট পৌরসভার এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মোখছেদ আলীর ছেলে। রোববার (১৭ মে) ভোর রাতে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,রোববার ভোর রাত ৩ টার দিকে আলম মিয়ার স্ত্রীর চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম নিজ বাড়ির উঠানে এসে দেখেন তার বাবার মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা অবস্থায় উঠানে পড়ে আছেন। পরে রাত সাড়ে ৩ টার দিকে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আলম মিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পরিবারের সদস্যরা দাবী করে বলেন, রোববার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে এক পর্যায়ে আলম মিয়া ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতেই নিজের মাথায় আঘাত করেন এবং নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করে। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আসলেই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি কোনো পরিকল্পিত হত্যাকান্ড, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট- হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল¬াহ্ বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের আত্মীয় স্বজনের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছি। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ