আইন ও আদালত

রিকশাচালক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

জুলাই আন্দোলনে ঢাকার সদরঘাট এলাকায় রিকশাচালক রিপন (৩৬) হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলমকে (৫৫) গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দিয়েছেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর মোহসীন উদ্দিন জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আজ শুনানিকালে জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়।

‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাষ্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে বিনা উসকানিতে ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ লাঠিসোঁটা, হকিস্টিক ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে আক্রমণ করে, এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। আসামিদের ছোঁড়া গুলি রিপনের লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান রিপন।

‎এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

এই বিভাগের আরও সংবাদ