সিরাজগঞ্জ

কাজিপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৩, গাঁজা উদ্ধার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ তিনজনকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম পাড়া বাঁধসংলগ্ন চর কাজিপুর প্রাইমারি স্কুলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযানকালে মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেন ও তার স্ত্রী শাজেদা খাতুনের বাড়ি থেকে মো. ফরিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫০ গ্রাম গাঁজা এবং ১৪ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের তথ্যমতে, গত ছয় মাসের মধ্যে এটি এলাকায় উদ্ধার হওয়া অন্যতম বড় চালান।

তবে মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেন ও শাজেদা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কাজিপুর থানার মাধ্যমে আদালতে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। তাদের কারণে এলাকার তরুণ-তরুণীরা বিপথগামী হয়ে পড়ছিল বলেও অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, এর আগেও বেল্লাল হোসেন একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন।

অভিযানে জড়িতদের আইনের আওতায় আনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ