ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে ৪ কোটি ৪৯ লাখ টাকা খরচ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১২ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনী ব্যয়ের এই হিসাব জমা দিয়েছেন।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে মোট ব্যয় হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা। গড়ে প্রতি প্রার্থী দল থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে পেয়েছেন।
নির্বাচনী ইশতেহার তৈরি ও ছাপানো, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং প্রচার কার্যক্রমে এসব অর্থ ব্যয় করা হয়েছে বলে হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খাতে দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে নয় লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় হয়েছে।
এ ছাড়া বিবিধ খাতে আরও দুই লাখ টাকা ব্যয়ের তথ্যও জমা দেওয়া হিসাবপত্রে উল্লেখ করা হয়েছে।



