নোয়াখালী

মাতৃত্বকালীন ছুটি ও সহায়তা চেয়ে চার দফা প্রস্তাব জমা সোচ্চার নোবিপ্রবি চ্যাপ্টারের

হিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সহায়তা নিশ্চিত করতে চার দফা প্রস্তাব উপাচার্যের কাছে জমা দিয়েছে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, নোবিপ্রবি চ্যাপ্টার’। মঙ্গলবার (৫ মে ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ প্রস্তাব জমা দেওয়া হয়।

‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ শিক্ষার্থীদের নির্যাতন, র্যাগিং, শিক্ষার পরিবেশ ও স্বাস্থ্যগত বিভিন্ন ইস্যুতে কাজ করে আসছে। নোবিপ্রবির নারী শিক্ষার্থীদের গর্ভকালীন ও পরবর্তী সময়ের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি চারটি প্রস্তাব তুলে ধরে।

প্রস্তাবগুলো হলো—নবজাতক জন্মের আগে সাত সপ্তাহ এবং জন্মের পরে ১০ সপ্তাহ ছুটি প্রদান; এ সময়ে সেমিস্টার, ক্লাস টেস্টসহ অন্যান্য একাডেমিক মূল্যায়ন বিকল্প উপায়ে ছুটির পরে নেওয়ার সুযোগ রাখা এবং সেমিস্টার পরীক্ষায় পরবর্তী ব্যাচের সঙ্গে অংশগ্রহণের সুযোগ দিয়ে তা ব্যাকলগ হিসেবে গণ্য না করা।

এছাড়া গর্ভাবস্থার পাঁচ মাস পর থেকে সেমিস্টার পরীক্ষা ব্যতীত ক্লাস, ল্যাব, ক্লাস টেস্ট বা প্রেজেন্টেশনে বাধ্য না করা; বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা রাখা এবং অনুপস্থিত থাকলেও ৭০ শতাংশ উপস্থিতি হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে।

তৃতীয়ত, ক্যাম্পাসে নারী শিক্ষার্থী ও কর্মচারীদের নবজাতকের জন্য কেয়ার সেন্টার এবং ব্রেস্টফিডিং রুম স্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে গর্ভবতী বা নবজাতকের মায়েদের জন্য ভাড়াভিত্তিকভাবে দুই কক্ষবিশিষ্ট ‘শ্যাডো শেল্টার’ (টানা পাঁচ দিনের জন্য) চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, “সোচ্চার নেটওয়ার্ক থেকে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে যে চারটি দাবি উত্থাপন করা হয়েছে, আমি তার সঙ্গে একমত। আমি চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক এবং প্রশাসন কার্যকর পদক্ষেপ নিক।”

নোবিপ্রবির ১৮তম ব্যাচের এক গর্ভবতী শিক্ষার্থী বলেন, “আমি একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার গর্ভাবস্থা শেষের দিকে হলেও নির্দিষ্ট নীতিমালা না থাকায় ক্লাস, সিটি, ল্যাব—সবকিছুতে অংশ নিতে হচ্ছে। বিভাগ কিছুটা সহায়তা করলেও সব বিভাগে তা পাওয়া যায় না। অনেক সময় ফিল্ড ট্যুরসহ ঝুঁকিপূর্ণ কার্যক্রমেও অংশ নিতে হয়। আমি চাই এটি সুযোগ নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হোক।”

সোচ্চার নোবিপ্রবি চ্যাপ্টারের সভাপতি মো: আবু সুফিয়ান বলেন, “মাতৃত্বকালীন সময়ে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেক নারী শিক্ষার্থী ইয়ার ড্রপ দিতে বাধ্য হন। অনেকে পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারেন না। এই সমস্যা সমাধানে আমরা চারটি দাবি উপস্থাপন করেছি এবং প্রায় এক হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি। আমরা আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।”

এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন জটিলতা ও শিক্ষাক্রমে শিথিলতা প্রদানের বিষয়ে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। একটি কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি দ্রুতই একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। ডে-কেয়ার সুবিধা উন্নত করতে ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণ করা হবে।”

এই বিভাগের আরও সংবাদ