রাণীশংকৈল শিক্ষক সমিতির নির্বাচনে মানিক সভাপতি ও মোশাররফ সম্পাদক নির্বাচিত


জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২ মে) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাণীশংকৈল পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার অন্তর্ভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
বিকেল সাড়ে ৪টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে: বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১৩২ ভোট এবং অপর প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে: রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট।
নির্বাচন পরবর্তী এক আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বিজয় উপজেলার সকল সাধারণ শিক্ষকের। শিক্ষকদের অধিকার রক্ষা ও তাঁদের কল্যাণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব।
শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।



