কাজিপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বেড়ীপোটল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে পরিচালিত এ অভিযানে নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় মো. হবিবর রহমান (পিতা: মৃত জালাল শেখ এবং মো. তুতা মিয়া (৫৫) পিতা: আব্দুল মন্ডল কে আটক করা হয়। তারা উভয়েই কাজিপুর পৌরসভার বেড়ীপোটল, চরপাড়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারা ভঙ্গের অপরাধে এবং একই আইনের ৩৬ ধারার সারণি-১ এর ক্রমিক ২১ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত উভয়কে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে হবিবর রহমান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কারাভোগের তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি গাঁজা বিক্রির মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করতেন, যা এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।
অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মাদকবিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
উল্লেখ্য, অভিযানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।



