ধামরাইয়ে ১২দিন শ্রীমদ্ভাগবত পাঠান্তে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৮২তম নামযজ্ঞ উৎসব শুরু


রনজিত কুমার পাল(বাবু)ধামরাই (ঢাকা) প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ ও বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ রথ উৎসব উদযাপিত হয় উক্ত মন্দিরে বাৎসরিক ৮২তম শ্রীনাম সংকীর্তন উৎসব শুরু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ১লা বৈশাখ হতে শুরু হওয়া শ্রীমদ্ভাগবত পাঠের দ্বাদশ দিনে শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞ উৎসবের শুভ অধিবাসের মধ্য দিয়ে ২৪প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে সোমবার।
৮২তম নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল জানান- ৮২ তম শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উদযাপন করার জন্য কয়েক মাসপূর্বেই নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে যথাক্রমে শ্রী পুলক পাল,শ্রী রিপন গোস্বামী টোটন ও অপু বনিকসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি নামযজ্ঞ উৎসবকে বর্ণিল প্রানবন্ত ও ভক্তদের চাহিদা বিবেচনা করে দল নির্বাচন করে দেশের খ্যতনামা দল নিয়ে সার্বিক পরিকল্পনায় সকল প্রস্তুতিতে এবার নামযজ্ঞ উৎসবের যাত্রা শুরু করেছে।
২৪প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ১৩ হতে ১৫ বৈশাখ, ২৭ হতে ২৯ এপ্রিল রোজ সোমবার হতে বুধবার পর্যন্ত চলবে। ১৬ বৈশাখ (৩০ এপ্রিল) শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। ১৭ বৈশাখ (১ মে)রোজ শুক্রবার শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ণ সেবা মহোৎসব অনুষ্ঠিত হইবে। ১৮ বৈশাখ (২ মে) কুঞ্জভঙ্গ ও মোহন্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।
নামসুধা পরিবেশন করবে- বন্কু বিহারী সম্প্রদায় (ঢাকা),শচীনন্দন সম্প্রদায় (কুষ্টিয়া), প্রভূপ্রিয়া সম্প্রদায় (গোপালগঞ্জ),গৌরীদেবী সম্প্রদায় (নড়াইল), অদ্বৈত্যানন্দ সম্প্রদায় (খুলনা), নব লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় (মাদারীপুর), কৃষ্ণ গোপাল সম্প্রদায়( ঢাকা) ।
অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবে- শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর), শ্রী দুলাল চক্রবর্তী (টাঙ্গাইল), কুমারী দীপিকা মোহন্ত (নওগাঁ)।
নামযজ্ঞ উৎসব কমিটি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে ৮২তম নামযজ্ঞ উৎসবের প্রতিটি পর্বে আমন্ত্রণ জানিয়েছেন।



