মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, দিলেন খোলাচিঠি


জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাঁদের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়।
পদত্যাগ প্রসঙ্গে বিদায়ি কমিশনের সদস্য নূর খান বলেছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের পদত্যাগের কথা বলা হয়নি। এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। যেহেতু তাঁরা আগের অধ্যাদেশের পরই দায়িত্ব পেয়েছিলেন, এখন তা বহাল না হওয়ায় পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছেন।
অন্যদিকে মানবাধিকার কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী সোমবার গণমাধ্যমকে বলেছেন, অধ্যাদেশটি বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশন আর নেই। তবে কমিশন সদস্যদের ‘খোলাচিঠি’ তিনি পড়েননি বলে জানান।
খোলা চিঠিতে বিদায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর পাশাপাশি সদস্য নুর খান, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের স্বাক্ষর রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।
বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ আবার চালু করতে বিল পাস করে সংসদ।



