সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে মালিহা বিনতে মাহফুজ নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশুটি হামে আক্রান্ত হলে প্রথমে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মালিহা উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের বাসিন্দা মো. মুকুল হোসেনের মেয়ে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের (২৯ মার্চ) থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।

এই বিভাগের আরও সংবাদ