আইন ও আদালত

পঞ্চম দফায় রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনকেন্দ্রীক মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে একাধিক মামলায় তাকে পাঁচ দফায় রিমান্ডে নেওয়া হলো। এর আগে ৪ দফায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (১১ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগে পল্টন থানার একটি মামলায় পরদিন ২৪ মার্চ তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় ছাত্র-জনতার ওপর আসামিদের নির্বিচারে এলোপাথাড়ি গুলিতে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরবর্তীতে ভিকটিম দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে, পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদি হয়ে মিরপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ