অস্ত্র মামলায় খুলনায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড


খুলনা ব্যুরো : খুলনায় অস্ত্র আইনে দায়ের করা এক মামলায় মো. সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সাহিদুল ইসলাম খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা নিজাম মোল্লার ছেলে।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি দল ফুলতলা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পয়গ্রাম ইউনিয়নের ফুলতলা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে রবিউল ইসলাম মনুর বাড়ির সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে।
রাত ১১টার দিকে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সাহিদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়, র্যাবের স্পেশাল টীম তাকে গ্রেফতার করে।



