হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী


জুলাই আন্দোলনে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় আলোচিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ আসামির চার দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের এ আদেশ দিয়েছেন।
গত ২৩ মার্চ বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তাকে গত ২৪ মার্চ পাঁচ দিন, গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিন এবং গত ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে মঙ্গলবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন।
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন।
শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
ওই সময় মাসুদ উদ্দিন চৌধুরীর কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চাইলে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,‘পর পর ১৪ দিন রিমান্ডে ছিলাম। এটা এমনই মামলা, যে মামলায় ১০৩ জনের মধ্যে যারা জামিন চাইছে, জামিন পেয়েছে।’
এ সময় বিচারক তাকে বলেন, ‘এটা এই মামলা (সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচার মামলা) না। এটা হত্যা মামলা ‘ তখন মাসুদ উদ্দিন চৌধুরী বলেন ,‘মামলায় আমার সামান্যতম সম্পৃক্ততা নাই।’ এরপর আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এরপর মাসুদ উদ্দিন চৌধুরীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানির জন্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
দেলোয়ার হত্যা মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।



