সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জ্বালানি সরবরাহসংক্রান্ত চলমান চাপ ও অনিয়মের প্রেক্ষাপটে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহে নতুন ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। চোরাকারবারি প্রতিরোধ এবং প্রকৃত গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে নির্ধারিত প্রক্রিয়ায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে নিজ নিজ কার্ড সংগ্রহ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফুয়েল কার্ড চালু করার ব্যাপারে জেলার ফিলিং স্টেশন মালিকদের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ০১ এপ্রিল হতে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেল চালকদের পেট্রোল/অকটেন সরবরাহ করা হবে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহে অসামঞ্জস্য, অতিরিক্ত চাহিদা এবং অবৈধ মজুতের অভিযোগের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিলেন। এ পরিস্থিতিতে সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করা জরুরি হয়ে পড়ে। ফুয়েল কার্ড চালুর মাধ্যমে একদিকে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা যাবে, অন্যদিকে চোরাচালান ও কালোবাজারি কার্যক্রম নিয়ন্ত্রণ করা সহজ হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নিবন্ধিত যানবাহন ও নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের এ কার্ড দেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পরিধি বাড়ানো হতে পারে।

সাধারণ মানুষকে অযথা ভিড় না করে নির্ধারিত দপ্তর থেকে কার্ড সংগ্রহ এবং নির্দেশনা মেনে তেল নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

মোটরসাইকেল চালকরা বলছেন, কার্যকর বাস্তবায়ন হলে এ উদ্যোগে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে। তবে তারা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় কার্ড বিতরণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ