দিনাজপুর

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের হেলপার আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এঘটনায় চালক বিকাশ চন্দ্র দাস (৩০) গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

নিহত আপন চন্দ্র নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের অকিন চন্দ্র দাসের ছেলে এবং আহত বিকাশ সদর উপজেলার টুপামারি গ্রামের বিনোদ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার(৩০ মার্চ) রাত ২.৩০ মিনিটে দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে একটি বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।এ সময় নীলফামারী থেকে বগুড়াগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও হেলপার কেবিনে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান,নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ