কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার: ডাঃ জাহিদ


হিলি প্রতিনিধি: দেশের অর্থনীতি উন্নত করতে কৃষির কোন বিকল্প নেই। তাই কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষক ভাইদের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই কৃষক কার্ড চালু করতে যাচ্ছে হিলিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এই ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যেই সরকার কাজ করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়াও ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ অনেকে ছিলেন



