শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি


দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকাল ৪টায় জাতীয় সংসদে সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংরক্ষিত নারী আসন ও সংসদীয় স্থায়ী কমিটির আলোচনা প্রাধান্য পেতে পারে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ ও আখতারুজ্জামান বাচ্চু আমাদের সময়কে জানান, শনিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে দলের সংসদীয় বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
দলীয় একাধিক সূত্র জানায়দায়ি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটি পর্যালোচনা করেছে, কিছু বিষয়ে সিদ্ধান্তও হয়েছে। সংসদীয় দলের বৈঠকে অধ্যাদেশের বিষয় নিয়ে আলোচনা হতে পারে।ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাই করছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এ কমিটির ১১ সদস্য বিএনপির। তিনজন জামায়াতের।
১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি জাতীয় সংসদে পাশ করাতে ইতোমধ্যে একমত হয়েছে সরকারি ও বিরোধী দল। ২০টি অধ্যাদেশের বিষয়ে এখনো একমত হতে পারেনি বিশেষ কমিটি। ২৯ মার্চ এই কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং ৩০ দিনের মধ্যে পাশ না হলে তা বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ ১৩ মার্চ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাশ হতে হবে।
শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এরপর দ্বিতীয় সভাটি হয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের আগে। ২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
এদিকে রোববার ফের বসবে সংসদের মুলতবি অধিবেশন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হবে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ-সদস্যরা অংশ নেবেন। এবারের অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।



