রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ লেবার পার্টির শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ (বুধবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার লাল সূর্য।

নেতৃদ্বয় বলেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতার নামান্তর। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। তাই স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, ঐক্য ও দায়িত্বশীলতার বিকল্প নেই।

নেতৃদ্বয় আরও বলেন, আধিপত্যবাদী অপশক্তির যেকোনো আগ্রাসন, ষড়যন্ত্র ও হস্তক্ষেপ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করা আজ সময়ের দাবি। এই লক্ষ্যে জাতির সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি নিরঙ্কুশ ও আপসহীন অবস্থান গ্রহণ করতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, এই অঙ্গীকারই হোক মহান স্বাধীনতা দিবসের প্রতিশ্রুতি।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই আকাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন এবং গণতান্ত্রিক অধিকার হরণের কারণে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে দেশের সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে। নেতৃদ্বয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই একটি সত্যিকার কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে, ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও সংবাদ