গোবিন্দগঞ্জে শিংজানি খাল খননের উদ্বোধন


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৮ মার্চ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিং জানি খাল খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাইনুল ইসলাম সাদিক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলেন, শিংজানি খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা।



