বগুড়া

শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৩, অহত-৯ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাসটি বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাডারে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে গৃহপরিচালিকা তায়েবা (১২), তৈয়ব আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী মমিনুল ইসলাম রিন্টু (৩৮) ও মেয়ে গৃহিণী শিউলি বেগম (৪০)। নিহতদের মধ্যে মমিনুল ও শিউলি ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১ এর হাইস মাইক্রোবাস। সকাল সাড়ে সাতটার দিকে ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের মাঝখানের রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ