সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয় দিয়ে চাঁদা দাবি, গ্রেফতার ৩


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছ থেকে ‘ঈদ সম্মানী’ দাবি করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি দুটি মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের সিরাজগঞ্জের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে ‘সম্মানী’ দাবি করত। বিষয়টি পুলিশের নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করে প্রতারণা করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



