সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জঙ্গলে পরিত্যক্ত ৯৫ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা-র চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের বস্তাগুলো দেখে ধারণা করা হচ্ছে, এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য নির্ধারিত ১৫ টাকা কেজি দরের চাল।

চালগুলোর কোনো মালিক পাওয়া না যাওয়ায় বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করার জন্য কাজিপুর থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে উদ্ধার করা চালগুলো উপজেলা খাদ্য গুদামে ওসি এলএসডি জনাব ওলিউর রহমানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে চালগুলো বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় তদন্তও করা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ