সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোলে ভেজাল: ৩ প্রতিষ্ঠানে জরিমানা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভেজালের প্রমাণ পাওয়া গেছে। বিষাক্ত ঘনচিনি ব্যবহার করে ঘোল উৎপাদন ও দুধে পানি মেশানোর অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে মিল্ক এনালাইজার মেশিনের সাহায্যে ৯টি দুধের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নমুনাগুলোতে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পানি মেশানো হয়েছে।

গত শনিবার (১৪ মার্চ) পরিচালিত অভিযানে সলপ দই ঘর-এর মালিক মো. আব্দুল খালেককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সলপ স্পেশাল ঘোল ঘর-এর মালিক মো. আব্দুল জলিলকে ২০ হাজার টাকা এবং সাইফুল সুইটস-এর মালিক মো. ওমর ফারুক সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় ৪০ কেজি হাইড্রোজযুক্ত জিলাপি এবং ২৫ লিটার ঘনচিনি মিশ্রিত ঘোল জব্দ করে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। খাদ্য নমুনা পরীক্ষা ও সার্বিক সমন্বয় করেন সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, উল্লাপাড়া মো. নজরুল ইসলাম।

অভিযানে সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি টিম ও অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এই বিভাগের আরও সংবাদ