পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের ওয়ার্কশপ অনুষ্ঠিত

এম এ ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের এক ওয়ার্কশপ রাঙ্গাবালী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক-এর অফিসার মোঃ হাসিবুল ইসলাম সভার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় তাপপ্রবাহ, পানির সংকট, ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এসব পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা জোরদার এবং দুর্যোগকালীন প্রস্তুতি বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুইয়া। তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এ কারণে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং যে স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে তা তুলে ধরেন। তিনি বলেন, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের জলবায়ু সহনশীল ফসল চাষে উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা জরুরি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দেবাশীষ ঘোষ, অজিতচন্দ্র দেবনাথ এবং ইন্সট্রাক্টর আবু ইউসুফ মোঃ সরোয়ার হোসেন। তারা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রস্তুতি জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করা, দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ