বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ মার্চ সকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর উদ্যোগে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাসিমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের (WGEIE) জেলা কর্মকর্তা সিং ম্যা প্রু, মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মোঃ জিলহাজ উদ্দিন, জেন্ডার ও এডুকেশন অফিসার ক্যাসিমং মারমা এবং উপজেলা এডুকেশন ফেসিলেটর মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নারী উন্নয়ন, শিক্ষা ও সমাজে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।



