গাইবান্ধা

পলাশবাড়ীর চালিতাদহে অবহেলিত প্রধান সড়ক, চরম দুর্ভোগে গ্রামবাসী

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামটির গুরুত্বপূর্ণ এই প্রবেশপথ পাকা হওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধরে তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তাটির প্রায় তিন-চতুর্থাংশ অংশ পুকুরের মাঝ দিয়ে চলে গেছে। এতে করে সড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

গ্রামবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়েই চালিতাদহ গ্রামের প্রায় ৯৮ শতাংশ মানুষ যাতায়াত করেন। অথচ এত গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর অবহেলিত পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করার মতো পর্যাপ্ত জায়গা নেই। জরুরি মুহূর্তে রোগী পরিবহনে চরম ভোগান্তির শিকার হতে হয় বলে জানান স্থানীয়রা।

এদিকে সম্প্রতি রাস্তার পাশেই একটি নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জমির সঠিক পরিমাপ অনুযায়ী নির্মাণকাজ হলে তাদের আপত্তি নেই। তবে গ্রামের একমাত্র প্রধান সড়কটি এত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও তা সংস্কার বা প্রশস্ত করার কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

গ্রামবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণেই চালিতাদহ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগে পড়ে আছেন।

এ অবস্থায় দ্রুত রাস্তা সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চালিতাদহ গ্রামের বাসিন্দারা। তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ