চট্টগ্রাম

জে এম সেন হলে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব উৎসব শুরু

চট্টগ্রামের রহমতগঞ্জস্থ ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে শ্রীমন্ মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব উৎসব ও গৌরপূর্ণিমা। ১৮ ফাল্গুন থেকে ২২ ফাল্গুন (৩ থেকে ৭ মার্চ, ২০২৬) পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথি ও ধর্মতত্ত্ববিদগণ অংশ নেন।

সম্প্রীতি ও নিরাপদ নগরীর অঙ্গীকার প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শপথ গ্রহণের সময় আমি চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটিতে রূপান্তরের যে অঙ্গীকার করেছিলাম, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। গত ১৬ মাসে আমরা অন্তত একটি বিষয় নিশ্চিত করতে পেরেছি—নগরীতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি।” তিনি আরও বলেন, একটি শহরকে নিরাপদ রাখতে হলে তাকে উৎসবমুখর রাখতে হবে। সম্প্রতি দোল উৎসব উপলক্ষে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মাঠ উন্মুক্ত করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

ভোটাধিকার ও গণতন্ত্র আগামী নির্বাচন ও নাগরিক অধিকার প্রসঙ্গে মেয়র বলেন, “গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার রক্ষায় এ দেশের মানুষকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে। আগামী নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন—এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।” তিনি সকল নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার আহ্বান জানান।
বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, চুয়েট সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্পাদক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, বিশিষ্ট সমাজ চিন্তাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী ও ধর্মীয় বক্তা শ্রী উত্তম কুমার চক্রবর্তী।

৫ দিনব্যাপী কর্মসূচি আবির্ভাব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজীব দাশ জানান, ৩ মার্চ (মঙ্গলবার) থেকে ৭ মার্চ (শনিবার) পর্যন্ত ৫ দিনব্যাপী এই উৎসবে শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন মেলা, ধর্মীয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজনকে এই উৎসবে যোগ দিয়ে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানের শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে পুরো সময় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অহিংসা ও প্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ